বছরই রানাঘাট, পুরুলিয়া, মালদহে অস্ত্র হাতে গয়নার শোরুমে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এবার আর ডাকাতি নয়, অভিনব কায়দায় সোনার দোকান থেকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল এক প্রতারক। এমনই অভিযোগ উঠেছে হুগলির শ্রীরামপুরে। দোকান মালিকের অভিযোগ, ক্রেতা সেজে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক।
শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযু্ক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সোমবার রাতে শ্রীরামপুরের মল্লিকপাড়ার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে এক ব্যাক্তি। তিনি সোনার পেনডেন্ট আর কানের দুল দেখতে চান। দোকান মালিক লক্ষ্মীকান্ত সাঁতরা শো কেস থেকে পেনডেন্ট, কানের দুল বের করে দেখাতে থাকেন। কিন্তু ওই প্রতারক আরও দু একটা জিনিস দেখাতে বলে। ব্যবসায়ীর অভিযোগ, জিনিস দেখানোর জন্য তিনি একটু অন্যমনস্ক হতেই খামে ভরা তিন জোড়া দুল, তিনটি পেনডেন্ট ও একটি সোনার লকেট হাতিয়ে নেয় ওই প্রতারক।
এর পরই আসছি বলে বেরিয়ে যায় ওই ক্রেতা। তখনই ওই ব্যবসায়ী খেয়াল করেন যে ভিতরের ড্রয়ারে রাখা সোনার গয়না উধাও। পরক্ষণেই তিনি বুঝতে পারেন ক্রেতা সেজে গয়না চুরি করে পালিয়েছে ওই প্রতারক । লক্ষ্মীকান্ত সাঁতরা নামে ওই ব্যবসায়ী শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
লক্ষ্মীকান্ত বাবু বলেন, ‘আমাকে দুটো লকেট ওজন করতে বলে এবং বার বার জিনিস দেখতে চেয়ে ব্যতিব্যস্ত করে তোলে ওই ব্যক্তি। একটু অন্যমনস্ক হতেই ড্রয়ার থেকে জিনিস দেখার নাম করে গয়নার হাত সাফাই করে সে। আমার এক লক্ষ টাকার উপরে গয়না খোয়া গিয়েছে। তবে পুলিশ ভাল কাজ করছে।’







