শহরের রাস্তাই যেন কান্না আর স্লোগানের মঞ্চ। কেউ ফুটপাতে বসে ভেঙে পড়ছেন, কেউ পুলিশের পা জড়িয়ে ধরছেন, কেউ আবার হাহাকার করে বলছেন—“আমরা মরে যেতে চাই।” বৃহস্পতিবার ফের চাকরির দাবিতে উত্তাল হল শহর। এ বার রাস্তায় নামলেন ২০২২ সালের টেট প্রার্থীরা।
তাঁদের অভিযোগ, পরীক্ষায় কোনও রকম অনিয়ম না থাকা সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না, তার কোনও সঠিক জবাব দিচ্ছে না সরকার। প্রার্থীরা বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এক সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন—প্রতি বছর দু’বার টেট নেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও কাগজে-কলমেই থেকে গিয়েছে। ২০২২ সালে পরীক্ষা হলেও ২০২৩ সালে ফল প্রকাশ হওয়ার পরও নিয়োগের কোনও হদিশ মেলেনি।
“আমরা ভুলটা কোথায় করেছি? পাশ করাটা কি অপরাধ?”— প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। কেউ কেউ ক্ষোভে বলেন, “অযোগ্যদের জন্য ভাবনা আছে, অথচ যোগ্য হয়েও আমরা অবহেলিত।” দীর্ঘ তিন বছর ধরে তারা এই দাবিতে লড়াই চালাচ্ছেন।
এ দিন পরিকল্পিতভাবে এসপ্লানেডে জড়ো হয়েছিলেন প্রার্থীরা। প্রথমে পুলিশ বুঝিয়ে সরানোর চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা ক্রমশ এগোতে থাকেন বিধানসভার দিকে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়-সহ একাধিক আধিকারিক। যেহেতু এলাকা হাই সিকিউরিটি জোন, তাই দ্রুত এলাকা খালি করতে উদ্যোগী হয় পুলিশ। শেষে জোর করে টেনে-হিঁচড়ে প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়।
ফলে মুহূর্তেই বন্ধ হয়ে যায় ওই অঞ্চলের যান চলাচল। চারদিক জুড়ে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।







