তারাপীঠ মন্দির প্রাঙ্গণে একটি বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারীর আইনজীবী।
ঘটনার সূত্রপাত তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় একটি কংক্রিটের নির্মাণকে কেন্দ্র করে। স্থানীয়দের একাংশের অভিযোগ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ মহাশ্মশানের বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর এই নির্মাণ করছে। বিজেপির অভিযোগ, বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতেই পরিকল্পিতভাবে এই নির্মাণ করা হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভও দেখায় বিজেপি।
মামলাকারীর মূল দাবি, মন্দিরের পাশে শুধুমাত্র শ্মশান রয়েছে, অন্য কোনও নির্মাণ নয়। এই কংক্রিটের নির্মাণ শ্মশানের পরিবেশ নষ্ট করছে। তাই আদালত যেন অবিলম্বে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নির্মাণ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, এই নির্মাণ শ্মশানের পবিত্রতা নষ্ট করছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে। এক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন, “এই শ্মশান আমাদের কাছে পবিত্র স্থান। এখানে এমন নির্মাণ মেনে নেওয়া যায় না। আমাদের দাবি, অবিলম্বে এই নির্মাণ বন্ধ হোক।”
আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী বলেন, “এই নির্মাণ শুধু বেআইনি নয়, পরিবেশের জন্যও ক্ষতিকর। তাই আদালতের কাছে আমাদের অনুরোধ, দ্রুত এই মামলার শুনানি হোক এবং নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হোক।”
চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার, আদালত এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।







