তিলোত্তমা কান্ডের প্রায় এক বছর পূর্ণ হতে চলল। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ই একমাত্র সাজা পেয়েছেন । আজও আরজি কর কান্ডের ভয়াবহ স্মৃতি শহরবাসীর মনে দাগ কেটে রয়েছে। তিলোত্তমার জন্য পথে নেমেছিলেন সকলেই । চিকিৎসক থেকে সাধারণ মানুষ , পথে নেমেছিলেন সবাই। আর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন , সেই প্রতিবাদের অগ্রভাগে থাকা তিন জন মুখ, দেবাশিস হালদার , অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়া !
কোন এক যাদুবলে পোস্টিং বদলে যাচ্ছে তাঁদের ! এই অভিযোগ আগেই তুলেছিলেন দেবাশীষ হালদার । আর এবার অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়ার গলাতেও শোনা গেল একই অভিযোগের সুর। অভিযোগ কাউন্সেলিং হওয়ার পর বদলে যাচ্ছে শুধুমাত্র তাদেরই পোস্টিং !
এতদিন পিজিটি থাকা অনিকেত ও আশফাকুল্লাহকে এবার কাজ করতে হবে সিনিয়র রেসিডেন্ট হিসেবে। পোস্টিং দেওয়ার জন্য কাউন্সেলিং হয় তাঁদের এবং সেই অনুযায়ী আরামবাগ মেডিক্যাল কলেজে ছিল আশফাকুল্লাহর পোস্টিং ও আরজি কর মেডিক্যাল কলেজে পোস্টিং ছিল অনিকেতের । কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরেই চক্ষু চড়কগাছ। মেরিট লিস্ট দেখে একেবারে চমকে ওঠেন তারা। আরামবাগ মেডিকেল কলেজ ও আরজি কর মেডিকেল কলেজে পোস্টিং হওয়ার কথা থাকলেও মেরিট লিস্ট অনুযায়ী অনিকেতকে রায়গঞ্জ ও আশফাকুল্লাহকে পুরুলিয়ায় পোস্টিং দেওয়া হয়েছে।
এরপরই ওই দুই চিকিৎসকের গুরুতর অভিযোগ , মেরিট ওই লিস্টে নাম রয়েছে মোট ৮৭১ জনের। কিন্তু শুধুমাত্র অনিকেত ও আশফাকুল্লাহর সাথেই এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন ।
উল্লেখ্য দেবাশীষের লিস্ট আলাদা হলেও , তার সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ । কাউন্সেলিং অনুযায়ী তাকে হাওড়ায় পোস্টিং দেওয়ার কথা থাকলেও , মেরিট লিস্টে দেখা যায় তার পোস্ট পড়েছে মালদার গাজোলে ।







