তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ডেবিট ফ্রিজ’ হওয়া এবং প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এবার দলেরই দুই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে তীব্র আক্রমণ করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, যে অ্যাকাউন্টগুলির বৈধতা নিয়ে বর্তমানে প্রশ্ন তোলা হচ্ছে, সেই একই অ্যাকাউন্ট থেকে অতীতে নির্বাচনী খরচের জন্য আর্থিক সাহায্য নিয়েছিলেন ঋতব্রত ও সন্দীপন।
সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মোট ২৬ লক্ষ টাকা ব্যয় করেছিলেন। তাঁর জমা দেওয়া হলফনামা ও নথি অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের HDFC ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে RTGS-এর মাধ্যমে ২৫ লক্ষ টাকা তাঁর কাছে পাঠানো হয়েছিল, যা ‘পার্টি ডোনেশন’ হিসেবে দেখানো হয়। কুণালের বক্তব্য, বর্তমানে যে অ্যাকাউন্ট নিয়ে আপত্তি তোলা হচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকেই ঋতব্রত নির্বাচনী খরচের জন্য অর্থ গ্রহণ করেছিলেন।
এরপর সন্দীপন সাহার প্রসঙ্গ তুলে কুণাল দাবি করেন, এন্টালি কেন্দ্রের নির্বাচনে সন্দীপনের মোট ব্যয় ছিল ২৭ লক্ষ ১ হাজার ৩৭২ টাকা। তাঁর নির্বাচনী হলফনামা অনুযায়ী, এর মধ্যে ২৫ লক্ষ টাকাই এসেছিল ওই একই অ্যাকাউন্ট থেকে। কুণাল প্রশ্ন তোলেন, দলের অর্থ, প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ব্যবহার করে ভোটে লড়াই করার পর এখন কীভাবে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগে। প্রথমে অরূপ বিশ্বাস ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন জানান। পরে ঋতব্রত ঘনিষ্ঠ শিবির অভিযোগ করে যে ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে বেআইনি বা অনিয়মিত লেনদেন হতে পারে এবং সেই অভিযোগ নিয়ে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং ব্যাঙ্ককে প্রয়োজনীয় নির্দেশ দেয়। এরপর তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ জারি করা হয়। ফলে সেখানে জমা থাকা প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতেই ঋতব্রত ও সন্দীপনের বিরুদ্ধে অতীতে ওই অ্যাকাউন্ট থেকে আর্থিক সুবিধা নেওয়ার তথ্য সামনে এনে পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ।







