রাজ্যে শিল্পায়নের পথে নতুন দিশা। খরা কাটিয়ে আবারও বাংলায় ফিরছে বড় বিনিয়োগের খবর। এবার সুদূর সুইৎজারল্যান্ড থেকে আসছে সেই আশার বার্তা। পশ্চিমবঙ্গের হাওড়ার বাগনানে নতুন কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ‘সোটেফিন ভারত’ (Sotefin Bharat) নামে একটি সুইস অটোমেটেড পার্কিং ম্যানুফ্যাকচারিং সংস্থা।
কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৪০ কোটি টাকার বিনিয়োগ করা হবে। কারখানা চালু হলে প্রথম ধাপে কাজের সুযোগ তৈরি হবে অন্তত একশো মানুষের জন্য। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
সংস্থার পরিকল্পনা অনুযায়ী, এই ইউনিট থেকে বছরে প্রায় ১০ হাজার এর অটোমেটেড গাড়ি পার্কিং ইউনিট উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় ২৫টি বড় পার্কিং প্রজেক্ট বাস্তবায়নের কথা ভাবা হয়েছে। শুধু দেশেই নয়, এই প্রযুক্তি রফতানি হবে আমেরিকা ও দুবাইয়ের মতো আন্তর্জাতিক বাজারেও।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে বিশাল ক্যাম্পাস গড়ছে টিসিএস। প্রায় ২০ একর জমিতে তৈরি এই প্রকল্পে প্রায় ৫০০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একের পর এক এমন প্রকল্প বাংলাকে নতুন করে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলছে।







