বিশ্ব

“অক্সফোর্ডের ঘোষণা: ২০২৫-এর সবচেয়ে ব্যবহৃত শব্দ ‘Rage Bait’, কেন বাড়ল ক্রোধ-উসকানি কনটেন্ট?”

২০২৫ সাল শেষের পথে দাঁড়িয়ে সারা বছরের ভাষা-চর্চার দিকে আর একবার ফিরে তাকাচ্ছে বিশ্ব। সমাজ, রাজনীতি, বিনোদন— নানান ঘটনার ঘনঘটায় বদলে গিয়েছে আমাদের কথ্যভাষা ও ডিজিটাল যোগাযোগের ধরন। সেই বদলেরই প্রতিফলন ফুটে উঠেছে অক্সফোর্ড অভিধানের বছরের সবচেয়ে ব্যবহৃত শব্দ নির্বাচনে। চলতি বছরের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে একটি একেবারেই সুখকর নয় এমন শব্দ— ‘Rage Bait’, অর্থাৎ ক্রোধ-উসকানি সৃষ্টিকারী কনটেন্ট। ঘোষণার পরেই শব্দটি ঘিরে নতুন করে আলোচনার ঝড় বয়ে গিয়েছে নেটদুনিয়া ও ভাষাবিদ মহলে।

অক্সফোর্ডের ‘ল্যাঙ্গোয়েজ ডাটা’ বিভাগ সারা বছরের কোটি কোটি শব্দের ব্যবহার, প্রয়োগক্ষেত্র ও জনপ্রিয়তা বিচার করে চূড়ান্ত তালিকা তৈরি করে। কথোপকথন থেকে শুরু করে সংবাদমাধ্যম ও সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষিত— সব ক্ষেত্রের শব্দপ্রবাহ বিশ্লেষণ করেই বছরের সবচেয়ে ব্যবহৃত শব্দ নির্ধারিত হয়। এ বছর সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়েছিল জনভোটও। বিশেষজ্ঞদের স্ক্রুটিনির পাশাপাশি ভোটাভুটির পথ ধরেই উঠে এসেছে ‘Rage Bait’, যাকে সর্বাধিক সংখ্যক মানুষ সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, সোশাল মিডিয়ার দৌলতে এই শব্দের ব্যবহার অন্য সব শব্দকে ছাপিয়ে গিয়েছে।

কিন্তু কেন ‘Rage Bait’? ভাষাবিদদের ব্যাখ্যা, ‘Rage’ মানে তীব্র রাগ, আর ‘Bait’ মানে ফাঁদ। অর্থাৎ এমন সব ডিজিটাল কনটেন্ট, পোস্ট, ভিডিও বা ছবি, যা মানুষের মনে ইচ্ছাকৃতভাবে ক্ষোভ উসকে দেয় এবং মনোযোগ টেনে নিয়ে যায়— তাকেই বলা হয় ‘Rage Bait’। ২০২৫ জুড়ে এমন প্ররোচনামূলক কনটেন্টের বিস্তার ছিল চোখে পড়ার মতো। কয়েক সেকেন্ডেই ভাইরাল হওয়া এসব পোস্ট বহু সময়ে দর্শকের স্বাভাবিক বিচারবুদ্ধি ঝাপসা করে দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

দ্রুতগামী ডিজিটাল যুগে ‘Rage Bait’-এর উত্থান কেবল ভাষাগত পরিবর্তনের নির্দেশকই নয়, বরং সোশাল মিডিয়ার মনস্তত্ত্ব ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার প্রতিফলন বলেই মনে করছেন বিশারদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.