প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমান। আচমকাই ককপিটের ভিতর পাইলটের ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। তাঁর অসীম সাহসিকতায় বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল। এবার সেই বীরত্বেরই স্বীকৃতি মিলতে চলেছে। ইজরায়েলের সর্বোচ্চ সাহসিকতা সম্মান ‘প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম’ দেওয়া হবে ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ নিজেই এই ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার জেরুজালেমে আয়োজিত এক অনুষ্ঠানে ছয়জনকে এই বিশেষ সম্মানে ভূষিত করেন ইজরায়েলি প্রেসিডেন্ট। ফ্লাইদুবাইয়ের বিমানে বিপদের মুহূর্তে তাঁরা পাইলটকে সহায়তা করে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁদের কেউ সতর্কবার্তার অ্যালার্ম সক্রিয় করেছিলেন, কেউ আহত স্মিত মচ্ছরের প্রাথমিক চিকিৎসায় সাহায্য করেছিলেন, আবার কেউ হামলাকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
অনুষ্ঠানে হেরজোগ বলেন, ইজরায়েলি বীরদের সম্মান জানানোর এই বিশেষ মুহূর্তে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের প্রতিও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে চান তিনি। দ্রুত তাঁর সুস্থতা কামনা করে ইজরায়েলি প্রেসিডেন্ট জানান, স্মিতের সাহস ও তৎপরতার কারণেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
হেরজোগ আরও জানান, স্মিত মচ্ছরকেও ‘প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম’ প্রদান করা হবে। বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন মচ্ছর। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর হাতে সরাসরি এই সম্মান তুলে দেবেন ইজরায়েলের প্রেসিডেন্ট।
ইতিমধ্যেই স্মিতের সঙ্গে ফোনে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতীয় পাইলটকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
নেতানিয়াহু জানিয়েছেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য স্মিতকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সাধারণত এই বিশেষ সম্মান ইজরায়েলের নাগরিকদের জন্যই নির্দিষ্ট থাকে। তবে স্মিতের সাহসিকতার কথা মাথায় রেখে তাঁকে এই বিরল সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। ফলে আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে স্মিত মচ্ছর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।







