রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে অক্সিজেন দেওয়ার প্রস্তুতি চলার মধ্যেই আচমকা ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে আগুনে ঢেকে গেল গোটা গাড়ি। প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা রোগী, গুরুতর জখম হলেন আরও দু’জন। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়ির ছাদ ছিটকে প্রায় ৪০ ফুট দূরে গিয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উদালা হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুযশ বারিক। তিনি উদালা থানার অন্তর্গত কুন্দাবাই এলাকার বাসিন্দা। অসুস্থতার কারণে উদালা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো রোগীকে স্থানান্তর করতে হাসপাতালে পৌঁছয় একটি অ্যাম্বুল্যান্স।
অভিযোগ, অ্যাম্বুল্যান্সে সুযশকে তোলার পর তাঁকে অক্সিজেন দেওয়ার জন্য নাকে নল লাগানো হচ্ছিল। ঠিক সেই সময়ই অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গাড়িতে। পরিস্থিতি বুঝে হাসপাতালের কর্মী ও উপস্থিত লোকজন রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে বের করে আনেন। কিন্তু গুরুতরভাবে ঝলসে যাওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এরপর অ্যাম্বুল্যান্সটিতে আরও একবার বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে গাড়ির ছাদ ছিটকে প্রায় ৪০ ফুট দূরে গিয়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন আরও দু’জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। অক্সিজেন সিলিন্ডারে যান্ত্রিক ত্রুটি, গ্যাস লিক নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাসপাতাল চত্বরে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।







