রাজ্যস্বাস্থ্য

আয়ুষ্মান, স্বাস্থ্যসাথী নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা? নতুন নির্দেশিকায় স্পষ্ট হল চিকিৎসার নিয়ম

স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যবাসী পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। একই পরিমাণ কভার মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতেও। পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আপাতত স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাও বন্ধ হচ্ছে না। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোন রোগী কোন প্রকল্পের আওতায় চিকিৎসা পাবেন, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। সেই বিভ্রান্তি দূর করতে স্বাস্থ্য দফতরের তরফে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও রোগীর আগে থেকেই আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে থাকলে তাঁর চিকিৎসা PM-JAY বা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতেই করতে হবে। নতুন রোগীর রেজিস্ট্রেশনের সময় স্বাস্থ্যসাথী TMS পোর্টালে আধার তথ্য যাচাই করা হবে। সংশ্লিষ্ট আধার নম্বর PM-JAY-এর কার্ড প্রিন্টিং ডেটাবেসে থাকলে স্ক্রিনে গ্রিন সিগন্যাল দেখা যাবে। এর অর্থ, ওই ব্যক্তি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাওয়ার যোগ্য। একইসঙ্গে আয়ুষ্মান কার্ড ডাউনলোডের লিঙ্কও পাওয়া যাবে।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে ‘Proceed to PMJAY TMS’ অপশন নির্বাচন করে PM-JAY পোর্টালের মাধ্যমে চিকিৎসার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ, রোগীর আয়ুষ্মান কার্ড থাকলে তাঁর চিকিৎসা স্বাস্থ্যসাথী থেকে সরাসরি আয়ুষ্মান প্রকল্পের আওতায় চলে যাবে।

তবে আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও PM-JAY পোর্টালে কোনও প্রযুক্তিগত সমস্যা বা অন্য কোনও জটিলতা দেখা দিলে চিকিৎসা বন্ধ থাকবে না। সেক্ষেত্রে হাসপাতালকে ‘Facing issue in PM-JAY TMS’ অপশনে যেতে হবে। এরপর খুলবে ‘স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট কনসেন্ট’ নামে একটি পপ-আপ। সেখানে কী ধরনের সমস্যা হয়েছে, তার বিস্তারিত জানাতে হবে। সমস্যার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট স্ক্রিনশটও আপলোড করা বাধ্যতামূলক।

এই তথ্য ও প্রমাণ জমা দেওয়ার পর ‘Proceed to স্বাস্থ্যসাথী Treatment’ অপশনটি সক্রিয় হবে। তখন স্বাস্থ্যসাথীর প্রচলিত নিয়মে রোগীর চিকিৎসা চালানো যাবে। অর্থাৎ, PM-JAY পোর্টালে বাস্তব কোনও সমস্যা দেখা দিলে তা যথাযথভাবে নথিভুক্ত করে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও সুবিধাভোগীর নাম National Food Security Act বা NFSA ডেটাবেসে থাকলেও PM-JAY-এর জন্য e-KYC সম্পন্ন হয়ে কার্ড অনুমোদনের প্রক্রিয়া এখনও শেষ না হলে, তাঁর চিকিৎসা স্বাস্থ্যসাথীর অধীনেই চালিয়ে যেতে হবে।

অন্যদিকে, NFSA ডেটাবেসে নাম রয়েছে, কিন্তু PM-JAY-এর e-KYC এখনও সম্পন্ন হয়নি—এমন ক্ষেত্রে প্রথমে PM-JAY পোর্টালের মাধ্যমে e-KYC করার চেষ্টা করতে হবে। ৭০ বছর বা তার বেশি বয়সি সুবিধাভোগীদের ক্ষেত্রে VVS রেজিস্ট্রেশনও করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা চালানো যাবে।

এছাড়াও, কোনও রোগীর কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান—কোনও কার্ডই না থাকলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় চিকিৎসার সুযোগ মিলবে। এই ক্ষেত্রে হাসপাতাল থেকেই আবেদনপত্র দেওয়া হবে।

ফলে নতুন নির্দেশিকা অনুযায়ী, রোগীর হাতে কোন কার্ড রয়েছে, PM-JAY-তে তাঁর তথ্যের কী অবস্থা এবং পোর্টালে কোনও প্রযুক্তিগত সমস্যা হচ্ছে কি না—এই বিষয়গুলির ভিত্তিতেই ঠিক হবে, তিনি আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় চিকিৎসা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.