আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলার বিভিন্ন এলাকা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
আজকের আবহাওয়া
সোমবার, ২৯ এপ্রিল কলকাতা, পশ্চিমবঙ্গ
সর্বাধিক তাপমাত্রা৪১ ডিগ্রী সেলসিয়াস
আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবার সকাল থেকে তাপপ্রবাহের কারণে কলকাতা তাপের দহনে পুড়লেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ছ’ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
তবে আবহাওয়াবিদেরা আশা করছেন, গরম একই রকম থাকলেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে তাঁরা জানিয়েছেন, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না। বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।







