আবহাওয়াআবহাওয়া

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট, ৫ জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা; উত্তরবঙ্গেও সতর্ক করল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গজুড়ে বর্ষার দাপট অব্যাহত। বুধবার (১৫ জুলাই) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচ জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গেও বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার প্রভাব লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টির দাপট ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষার এই সক্রিয় পরিস্থিতি বজায় থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.