আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ সপ্তাহের প্রথম দিন ।আজ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। উইকেন্ডে একাধিক জেলায় মেঘলা আকাশ তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত কাঁপানো ঠান্ডা ছিল। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা গ্যাংটকের সঙ্গে পাল্লা দিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে রাজ্যে শীতের দাপট কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকের তাপমাত্রা আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার এই বৃদ্ধি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বিশেষভাবে পরিলক্ষিত হবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে জমিয়ে শীত উপভোগ করছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। গতকাল দার্জিলিঙের তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে।
সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতায় শীতের ভরপুর আমেজ রয়েছে। সোমবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫১ শতাংশ।







