রবিবার সন্ধ্যা থেকেই প্রখ্যাত তবলা বাদক জাকির হুসেনের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তাঁর ‘মৃত্যু সংবাদ’ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় তা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে। এই শোক সংবাদে রবিবার সন্ধ্যার সেই খবরে বিশ্ব জুড়ে শোক প্রকাশ করেছিল বিভিন্ন মহল। রাজনীতিবিদ, তারকা সবাই জানিয়েছিলেন শোক।
তবে গতকাল অর্থাৎ গভীর রাতে জাকির হুসেনের ভাগ্নে আমির আউলিয়া জানিয়েছেন, ‘কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। সেই সঙ্গে তাঁর অনুরোধ, ভুয়ো প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়।’
এ দিন আমির তার এক্স একাউন্টে লেখেন, ‘আমার মামা জ়াকির হুসেন বেঁচে আছেন। তবে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের কাছে আবেদন, সকলে যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো তথ্য প্রচার বন্ধ করা হোক।’







