আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আতঙ্কে উপকূল! জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির আশঙ্কা, চিন্তায় কৃষক-মৎস্যজীবী

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে — নাম ‘মন্থা’ (Cyclone Mantha)। ইতিমধ্যেই এর রক্তচক্ষু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। মৌসম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। ঘণ্টায় ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে স্থলভাগে ঢোকার সময়। বিশাখাপত্তনম থেকে এখন প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে মন্থা। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি উপকূলের আরও কাছে চলে আসবে এবং শক্তি বৃদ্ধি করবে বলে আশঙ্কা।

ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের পর ওড়িশা ও ছত্তীসগঢ়ের দিকে এগোবে, তবে এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। আগামীকাল মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:
মৌসম ভবন জানিয়েছে, আজ থেকেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের আজই উপকূলে ফিরে আসার পরামর্শ। ২৮ অক্টোবর থেকে বাংলার উপকূলীয় অঞ্চলে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। সমুদ্র হবে উত্তাল।

কৃষিক্ষেত্রে বিপর্যয়ের আশঙ্কা:
বিশেষজ্ঞদের মতে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় পাকা ধান ও শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে। তাই কৃষকদের দ্রুত ফসল কেটে ফেলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
আজ শহরে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও সন্ধ্যার পর মেঘলা হতে পারে। সোমবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ২৪ ডিগ্রি, বাতাসে আর্দ্রতা ৬৮% থেকে ১০০%।

দক্ষিণবঙ্গের সতর্কতা
আজ থেকেই দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কা।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বুধবার ও বৃহস্পতিবার হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা।
শুক্রবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
আজ উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকলেও, মঙ্গলবার থেকে আকাশ মেঘলা হবে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমবে, তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

সবমিলিয়ে, বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন রাজ্যজুড়ে উদ্বেগের নাম।
একদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে কৃষক-মৎস্যজীবীদের চিন্তা — মন্থার গতিবিধির দিকেই এখন তাকিয়ে গোটা বাংলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.