আবহাওয়া

উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা, পাঁচ জেলায় লাল সতর্কতা! ২০০ মিমি-র বেশি বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের শেষে ভিজবে কলকাতাও

উত্তরবঙ্গে দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না। টানা বর্ষণে ফের বিপদের মুখে পাহাড় ও ডুয়ার্স। সিকিম ও ভুটান থেকে নেমে আসা জলের চাপে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে। এর জেরে পাহাড়ে ধস এবং নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা আরও তীব্র হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাহাড় ও ডুয়ার্সে কোথাও কোথাও একদিনে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

গত সপ্তাহের প্রবল বর্ষণেই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল উত্তরবঙ্গ। ভেঙে গিয়েছিল অস্থায়ী বেইলি ব্রিজ, একাধিক জায়গায় ধস নেমে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। সেবক এলাকায় ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ সড়ক, কালিম্পং-শিলিগুড়ি যোগাযোগও ব্যাহত হয়। এখনও সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি থাকলেও চলতি সপ্তাহেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এবং শনিবার কলকাতা-সহ মোট সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

যদিও বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবুও ভ্যাপসা গরম থেকে এখনই স্বস্তি মিলবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে দুর্যোগ ও দক্ষিণবঙ্গে আসন্ন ভারী বর্ষণ—দুই মিলিয়ে গোটা রাজ্যেই আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.