আজ প্রকাশ হলো মাধ্যমিকের ফলাফল। কিন্তু এই ফলপ্রকাশেও রয়ে গেলো যোগ্যতা বিতর্ক। কারণ এই মূল্যায়নের মুলে জড়িত রয়েছেন ২০১৬ সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। অথচ সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল হতে গিয়েছে। এই প্যানেলর সাড়ে পাঁচ হাজারের নিয়োগ বেনিয়মে করা হয়েছে বলে দাবি আদালতের।
এখনও পর্যন্ত ২৫ হাজারেরও বেশি শিক্ষকের চাকরি গিয়েছে। তাতে শিক্ষকের অপ্রতুলতায় মার্কশিট বিতরণ ও শংসাপত্র বিতরণেও সমস্যা হবে তা পর্ষদ ইতিমধ্যেই মেনে নিয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশের পর পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক কথা স্বীকারই করে নিয়েছেন তিনি।
রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরাও কি মাধ্যমিকের খাতা দেখেছিলেন? তিনি স্পষ্টতই বলেন, “আমাদের কাছে এরকম কোনও ডেটা থাকে না, যাঁরা মাধ্যমিকের খাতা মূল্যায়ন করছেন, তাঁরা কোন সালে রিক্রুটেড।’’ তবে পর্যদ সভাপতিও চিন্তিত এতজনের চাকরি যাওয়ায়। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরাও ভাবিত। সব কিছু সুষ্ঠভাবে পরিচালনার ক্ষেত্রে এই গোটা বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আমরা চিন্তিত। তা নিয়ে আমরা উচ্চ আদালতেও গিয়েছি।’’







