দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মালদার চাঁচল থেকে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তরুণীর নাম মুসু ইয়াসমিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার চাঁচল মহিলা বিজেপি মোর্চার পক্ষ থেকে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ।
অভিযোগের পর শনিবার অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির দাবি, ‘মুসু ইয়াসমিন অফিশিয়াল’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এলাকায়।
ধৃত তরুণীকে শনিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতে নিয়ে যাওয়ার সময় চাঁচল থানার সামনে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তিকে নিয়ে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলছে।
এখনও পর্যন্ত সমাজমাধ্যমে করা মন্তব্য বা গ্রেফতারির বিষয়ে অভিযুক্ত মুসু ইয়াসমিনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।







