জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনকে ঘিরে তৈরি হয় নানা শুভ ও অশুভ যোগ। এবার শনি জয়ন্তীর আবহে তৈরি হয়েছে এক বিশেষ মহাজাগতিক সংযোগ— ‘বুধাদিত্য রাজযোগ’। বৃষ রাশিতে সূর্য ও বুধের যুগল অবস্থানের জেরে ১৬ মে থেকে ২৯ মে পর্যন্ত এই শুভ যোগ সক্রিয় থাকবে বলে মত জ্যোতিষবিদদের। আর এর জোরেই জীবনের নানা ক্ষেত্রে বড়সড় সাফল্যের মুখ দেখতে পারেন ৪ রাশির জাতক-জাতিকারা।
জানা যাচ্ছে, মিথুন, সিংহ, কন্যা এবং কুম্ভ রাশির উপর এই যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল। নতুন চাকরির অফার, ব্যবসায় লাভ কিংবা দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় অনেকটাই মজবুত হবে।
অন্যদিকে, সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি হতে পারে সম্মান ও সাফল্যের। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতির ইঙ্গিতও রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে এবং সম্পত্তি সংক্রান্ত শুভ খবরও মিলতে পারে।
কন্যা রাশির জাতকদের আটকে থাকা কাজ গতি পাবে। মানসিক চাপ কমবে এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রতিও আগ্রহ বাড়বে। পাশাপাশি অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও উজ্জ্বল। কুম্ভ রাশির জাতকদের জন্যও সময়টা ইতিবাচক। নতুন আয়ের উৎস তৈরি হওয়ার পাশাপাশি পৈতৃক সম্পত্তি বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
জ্যোতিষীদের মতে, এই সময়ে নতুন কাজ শুরু করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে সাফল্যের সঙ্গে বাড়তে পারে দায়িত্বও। তাই মানসিক ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।







