আবারও শিরোনামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথি। লোকসভা ভোটের আগে অধিকারী পরিবারের হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিচ্ছেন সুবল কুমার মান্না! এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে।
মঙ্গলবার কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিলেন সুবল। টানা ৭ বার এই ওয়ার্ড থেকে জয়ী তিনি। শেষবার ২০২২-এর পুরসভা নির্বাচনেও এই ১৪ নম্বর ওয়ার্ড থেকে জিতে কাঁথি পুরসভার পুরপ্রধান হিসেবে নির্বাচিত হন।
জেলার রাজনৈতিক মহলে জোর আলোচনা, সুবলের বিজেপি যোগদানের জল্পনা সম্ভবত আগামী কয়েক দিনের মধ্যেই বাস্তবে রূপ পেতে চলেছে। কয়েক মাস আগে কাঁথির একটি স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুবল কুমার মান্না। একই মঞ্চে উপস্থিত হন কাঁথির বর্ষীয়ান সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হওয়া সভাতে উপস্থিত ছিলেন না সুবল কুমার মান্না।
এই ঘটনায় শেখ হারেশ বলেন, ‘সুবল কুমার মান্নাকে দল থেকে শো-কজ করা হয়েছিল। কিন্তু দল সাসপেন্ড করেনি। পুরপ্রধানের পদ থেকে সরে যাওয়ার পরে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে ফোন করে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন। সংখ্যালঘু পরিবারকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বলছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল সভায় আসার জন্য, দলের কাজকর্ম করার জন্য। কিন্তু উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস করবেন না, অন্য দল করবেন।’
যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রাক্তন পুরপ্রধান সুবল কুমার মান্নাকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। কাঁথি সংগঠনিক বিজেপি নগর মণ্ডলের সভাপতি তথা পুরসভা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস বলেন, ‘এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়। সুবলবাবু বিজেপিতে ভোট দিতে বলছেন কি না, সেটা আমার জানা নেই। পুরসভার ছাপ্পা দিয়ে জিতে আসা কাউন্সিলরের সমর্থন আমাদের লাগবে না।’







