বিনোদন

বাসস্ট্যান্ডে ছেঁড়া পোশাকে জনপ্রিয় অভিনেত্রী! মানসিক ভারসাম্য হারিয়ে খন্ডঘোষে উদ্ধার সৌমী ধর চৌধুরী

বর্ধমান-আরামবাগ সড়কের ধারে আমিলা বাসস্ট্যান্ডে এক অচেনা মহিলাকে বসে থাকতে দেখে কৌতূহল ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরনে ছেঁড়া-নোংরা পোশাক, চেহারায় অবহেলা স্পষ্ট। প্রথমে তাঁকে ভবঘুরে কিংবা ভিক্ষুক বলে মনে করলেও, কথোপকথনে সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। তিনি টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী সৌমী ধর চৌধুরী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ সিরিয়ালের ‘রাঙা কাম্মা’ চরিত্রে অভিনয় করা সৌমীকে এ অবস্থায় দেখে হতবাক হয়ে যান সকলে। ইংরেজিতে সাবলীল জবাব দেওয়া সৌমীর পরিচয় মিলিয়ে নিতে স্থানীয়রা গুগল সার্চ করতেই প্রকাশ্যে আসে তাঁর পরিচয়।

সোমবার সকালে হঠাৎ বৃষ্টির কারণে আমিলা বাসস্ট্যান্ডে আশ্রয় নিয়েছিলেন সৌমী। তাঁর পোশাক, কথাবার্তা দেখে সন্দেহ হওয়ায় কয়েকজন যুবক তাঁর সঙ্গে কথা বলতে যান। অভিনেত্রী নিজেই জানান, তিনি সৌমী ধর চৌধুরী এবং দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। তবে কীভাবে এই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে চাননি তিনি। স্থানীয়রা জানিয়েছেন, সৌমীর আচরণে মানসিক অস্থিরতার ছাপ স্পষ্ট ছিল। কোথা থেকে এলেন কোথায় যাচ্ছেন, কিছুই পরিষ্কার করেননি। পুলিশ এসে তাঁকে খন্ডঘোষ থেকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে পাঠায়।

জানা গিয়েছে, সম্প্রতি বোলপুরে ছিলেন তিনি। বেহালায় বাড়ি থাকলেও পরিবারের কথা বলতে অস্বীকৃতি জানান অভিনেত্রী। তাঁর কথায়,”সবই নিয়তির খেলা। জীবনে এমনই হয়।” টেলিপাড়ায় এখন একটাই প্রশ্ন, জনপ্রিয় এই অভিনেত্রীর এমন পরিণতির কারণ কী?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.