অবশেষে খানিক স্বস্তি! আবগারি দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় কেজরিওয়ালকে শুক্রবার অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে, যেহেতু সিবিআই মামলায় এখনও জামিন মেলেনি, তাই জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
উল্লেখ্য, একুশ সালের নভেম্বর মাসে দিল্লি সরকার মদ বিক্রির নয়া নীতি কার্যকর করে। তার কিছুদিন পরই সেই নীতি বাতিল করা হয়। তারমধ্যেই অভিযোগ ওঠে, উক্ত নীতির অধীনে নির্দিষ্ট কিছু মদ ব্যবায়ীর থেকে ঘুষ নিয়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। মদ বিক্রয়ের লাইসেন্সের জন্য ডিলাররা ১০০ কোটি টাকার ঘুষ দিয়েছিল আম আদমি পার্টিকে।
পূর্বে কেজরিওয়ালের যে জামিনের আর্জি জানানো হয়, সেই প্রসঙ্গে সওয়াল-জবাব চলে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরির যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পালটা কেজরির আইনজীবী দাবি করেন, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই ইডির হাতে। দীর্ঘ সওয়াল-জবাবের পরবর্তীতে রায়দান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে বিচারক শর্তসাপেক্ষে কেজরির জামিন মঞ্জুর করেন।







