প্যারিস অলিম্পিক ২০২৪-এ রাজনীতি হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট। সদ্যই অবসর নেওয়া ভিনেশের অভিযোগ, যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা কেবল প্রচারের জন্য তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ভিনেশের অনুমতি ছাড়াই তাঁর সঙ্গে ছবি তুলে তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় বলে দাবি করেন তিনি।
৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পর ভিনেশ ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হন। সেই কঠিন সময়ে পিটি উষা দেখা করতে এলে ভিনেশের ধারণা ছিল যে তিনি সাহায্যের জন্য এসেছেন, কিন্তু বাস্তবে তা হয়নি বলেই অভিযোগ। ভিনেশ বলেন, “প্যারিসে কী সাহায্য পেয়েছি আমি জানি না। পিটি উষা ম্যাম হাসপাতালে আমার সঙ্গে দেখা করে ছবি তোলেন, যা পরবর্তীতে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। কিন্তু এই সাহায্য কেবল বাইরে থেকে দেখানোর জন্য ছিল, বাস্তবে তা হয়নি।”
রাজনীতিতে পা রাখা ভিনেশের অভিযোগ, “বন্ধ দরজার পিছনে অনেক রাজনীতি হয়, প্যারিসেও তাই হয়েছে। সেজন্যই আমার মন ভেঙে গিয়েছে। এখন তো সর্বত্র রাজনীতি।” পিটি উষার এমন কাজকে ভিনেশ ‘কেবল পোজ দিয়ে ছবি তোলা’ বলে কটাক্ষ করেছেন। তবে পিটি উষা বা আইওএ-এর তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







