ক্রাইম

দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় এবিভিপি সমর্থকরা; অভিযোগ উড়িয়ে সংগঠনের দাবি

দুর্গাপুর: দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আক্রান্ত ছাত্র বিপুল বর্মনের অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র সমর্থকেরাই তাঁর উপর হামলা চালিয়েছে। ইতিমধ্যেই ঘটনায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আক্রান্ত ছাত্রের দাবি, বুধবার রাতে ঝর্নাপল্লী এলাকায় বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর একদল যুবক তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের নেতা অচিন্ত শর্মার দাবি, হাসপাতালে যাওয়ার পথে কয়েকজন ছাত্রকে নিজেদের মধ্যে বিবাদে জড়াতে দেখেন তিনি। সেই সময় বিপুল বর্মন এবং তাঁদের সংগঠনের কয়েকজন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন বলেই দাবি করেন।

অচিন্ত শর্মা আরও বলেন, কলেজে কোনও ধরনের রাজনৈতিক সংঘাত বা অশান্তি তাঁরা সমর্থন করেন না। তাই তাঁদের সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে আক্রান্ত ছাত্রের গুরুতর অভিযোগ, অন্যদিকে এবিভিপির পাল্টা দাবি—দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.