জম্মু-কাশ্মীরে নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করে চালানো একের পর এক হত্যাকাণ্ডের তদন্তে ফের তৎপরতা বাড়াল জম্মু-কাশ্মীর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)। দীর্ঘ ২৬ বছর পর ১৯৯৮ সালের আলোচিত ও মর্মান্তিক ওয়ানধামা গণহত্যা মামলাটি নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কাশ্মীরি পণ্ডিত নেতা টিকা লাল টাপলু এবং বিচারপতি নীলকণ্ঠ গঞ্জু হত্যার তদন্তও আরও জোরদার করা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ১৯৯৮ সালের ২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন গান্দারবল জেলার ওয়ানধামা গ্রামে ঢুকে পড়েছিল একদল সশস্ত্র জঙ্গি। কাশ্মীরি পণ্ডিত পরিবারগুলিকে লক্ষ্য করে নির্বিচারে হামলা চালানো হয়। ওই ঘটনায় ৯ জন মহিলা এবং ৪ জন শিশুসহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছিল। কয়েক দশক ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে থাকা এই হত্যাকাণ্ডের ঘটনায় সম্প্রতি উপত্যকার বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে SIA। অভিযুক্ত জঙ্গিদের পাশাপাশি তাঁদের স্থানীয় সহযোগীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে চলতি বছরের জুন ও অগস্টে কাশ্মীরি পণ্ডিত নার্স সারলা ভাট হত্যাকাণ্ডে ৭৩৭ পাতার চার্জশিট জমা দিয়েছিল SIA। সেই চার্জশিটে জেলবন্দি JKLF প্রধান ইয়াসিন মালিককে মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি কবি ও সাহিত্যিক সারবানন্দ কৌল প্রেমী এবং তাঁর ছেলে বীরেন্দ্র কৌল হত্যাকাণ্ডের তদন্তেও উপত্যকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই এবার দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে থাকা পুরনো মামলাগুলির তদন্তে নতুন করে জোর দেওয়া হচ্ছে।
SIA-র নজরে আসা গুরুত্বপূর্ণ মামলাগুলির মধ্যে রয়েছে ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসে নিহত প্রবীণ আইনজীবী এবং তৎকালীন জম্মু-কাশ্মীর বিজেপির সহ-সভাপতি টিকা লাল টাপলু হত্যাকাণ্ড। উপত্যকায় জঙ্গিবাদের শুরুর দিকের অন্যতম উল্লেখযোগ্য টার্গেটেড কিলিং ছিল এই ঘটনা। কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিশানা করে যে ধারাবাহিক হত্যাকাণ্ড শুরু হয়েছিল, তার প্রথম সারিতেই ছিল টাপলু হত্যা।
এছাড়াও JKLF জঙ্গি মকবুল ভাটকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় প্রদানকারী বিচারপতি নীলকণ্ঠ গঞ্জু হত্যাকাণ্ডের তদন্তেও গতি বাড়ানো হয়েছে। ১৯৮৯ সালের ৪ নভেম্বর শ্রীনগরের হরি সিং স্ট্রিটে প্রকাশ্য দিবালোকে তাঁকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।
দীর্ঘ কয়েক দশক ধরে অমীমাংসিত হয়ে থাকা এই রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বদের হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা জঙ্গি এবং তাঁদের স্থানীয় মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই এখন SIA-র প্রধান লক্ষ্য।







