গ্রাম স্তরের উদ্যোক্তা সম্মেলনে গিয়ে প্রশাসন পরিচালনা প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের ভূমিকার তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা অভিযোগ তোলেন, বাংলার সরকার রাজধর্ম পালন করে না। পালটা সরব তৃণমূলও। জোড়াফুল শিবিরের জবাব, গুজরাত দাঙ্গার পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রথম রাজধর্ম পালন করার কথা নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়েছিলেন।
বাংলাজুড়ে একাধিক বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গেও সমালোচনা করেন শুভেন্দু। রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার উন্নতি না করা হলে আগামী দিনে এটা নিয়ে বিরোধী দলনেতা হিসেবে তিনি ধর্না দিতেও পারেন বলে জানান তিনি।
শুভেন্দুর উবাচ, ‘কয়লা কিনে নিতে পারছে না টাকা নেই বলে, বারশো মেগাওয়াটের ঘাটতি আজকে দাঁড়িয়েছে আড়াই হাজার মেগাওয়াট। ভয়ঙ্কর অবস্থা! উত্তরবঙ্গে ধূপগুড়িতে প্রচারে গিয়ে ল্যাম্পপোস্ট বিদ্যুৎমন্ত্রী, তিনি বলছেন কয়লা ঘাটতি কোনও ইস্যু নয়। পুজোর প্রস্তুতি চলছে। রাত্রি ১২ থেকে ২ পর্যন্ত, কোথায় প্রস্তুতি? ট্রান্সফর্মার সারাই হচ্ছে, আর তার সারাই হচ্ছে! রাত্রিবেলা ১০ থেকে ১২টা, ১২টা থেকে ২টো, কে রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ করে?’
পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে শনিবার বিরোধী দলনেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রকল্পগুলো থেকে বেরিয়ে এসেছেন। কেন্দ্রের ফসল বিমা যোজনা থেকে বেরিয়ে রাজ্য বাংলার ফসল বিমা যোজনা করেছে। আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করতে দেয়নি। অশোক গহলৌত, নবীন পট্টনায়ক বিরোধী দলের মুখ্যমন্ত্রী হলেও তাঁরা নিজেদের রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করেছেন।’ পালটা সরব বিরোধীরাও।







