২০২৪ সালের শেষ দিন, যখন সারা দেশ নতুন বছরের উৎসবে মগ্ন, তখনই বাংলার ফুটবলে জ্বলল সাফল্যের রবি। ৭৮তম সন্তোষ ট্রফির ফাইনালে কেরালাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হল বাংলা। সঞ্জয় সেনের কোচিং এবং চাকু মান্ডির নেতৃত্বে দল গড়ল নতুন ইতিহাস।
ফাইনালের নায়ক ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (DHFC) রবি হাঁসদা। খেলার অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিটে) আদিত্য থাপার দুরন্ত পাস থেকে রবির একমাত্র গোলেই বাংলার জয় সুনিশ্চিত হয়। দলের ছয়জন খেলোয়াড়ই ডায়মন্ড হারবারের, যা এই জয়ের মাহাত্ম্য আরও বাড়িয়েছে।
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে বাংলার দলের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি রবিসহ দলের সমস্ত খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “বাংলার ৩৩তম সন্তোষ ট্রফি জয় বাংলার ফুটবল ঐতিহ্য আরও সমৃদ্ধ করল।”
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও বাংলার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। ৩৩টি সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা হওয়া বাংলার ফুটবল ঐতিহ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ছয় ফুটবলার এবং সঞ্জয় সেনের পরিকল্পনা বাংলাকে এনে দিল সোনালি মুহূর্ত।
বাংলার ফুটবলে নতুন প্রেরণার দিন। এ জয় শুধু খেলার নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার জয়।







