খেলাধুলা

ডার্বির আগে বড় চমক! সুয়ারেস-নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে

ডার্বির উত্তেজনার মাঝে বড় চমক দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিলেন ভেনেজুয়েলার তারকা স্ট্রাইকার রিচার্ড সেলিস। ২৮ বছর বয়সি এই ফুটবলার শুধু জাতীয় দলে খেলার অভিজ্ঞতাই রাখেন না, বরং খেলেছেন লুই সুয়ারেস ও নেইমারের মতো কিংবদন্তিদের বিরুদ্ধে।

মরসুমের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর পরিবর্তেই সেলিসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার ক্লাব অ্যাকাদেমিয়া পুয়ের্তো কাবেয়ো ছেড়ে আসা সেলিস সম্প্রতি ক্লাব ফুটবলে না খেললেও তাঁর বিশাল অভিজ্ঞতা আকর্ষণীয় করে তুলেছে এই চুক্তিকে। ফ্রি এজেন্ট হিসেবে সই করানোয় কোনো সমস্যায় পড়তে হয়নি ইস্টবেঙ্গলের।

সেলিস লেফট উইঙ্গার ও স্ট্রাইকার, দুই পজিশনেই সাবলীল। ক্লাব ফুটবলে ২৫০-র বেশি ম্যাচ খেলা এই ফুটবলার ২০২১ কোপা আমেরিকায় নেইমারের ব্রাজিল ও বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সুয়ারেসের উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। অভিজ্ঞতার ঝুলিতে থাকা এই নামটি ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলেই আশা কোচ অস্কার ব্রুজ়োর।

ব্রুজ়ো বলেন, “রিচার্ডের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। রিচার্ডের অভিজ্ঞতা কাজে লাগবে।” আক্রমণে ক্লেটন সিলভা ও দিয়ামানতাকোসের সঙ্গে সেলিস কীভাবে মানিয়ে নেবেন, তা দেখার অপেক্ষায় সমর্থকরা। যদিও তাঁর কলকাতায় যোগদানের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি ইস্টবেঙ্গল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.