রাজ্য

নবান্নে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লার সঙ্গে দীর্ঘ ৯ বছর পর বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নের সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের কার্যনির্বাহী ডেপুটি হাইকমিশনার মহম্মদ আশরাফুল সিকদার এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

বৈঠকে মমতার হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি, শাড়ি-সহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয় হাইকমিশনের তরফে। বিনিময়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২০১৬ সালে তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে সাক্ষাতের পরে এই প্রথম বাংলাদেশ হাইকমিশনের শীর্ষকর্তার সঙ্গে সরাসরি আলাপচারিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

বিশেষ করে যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল—কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস, সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ—এই আবহে দুই বাংলার সম্পর্ক নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটিতে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছেন মমতা। ঠিক এই পরিস্থিতিতেই বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে তার সাক্ষাৎ নতুন বার্তা বহন করে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

যদিও এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎকার’ বলেই ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কিন্তু নবান্নের অন্দরের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে।

বহুদিন পরে দুই বাংলার এই উষ্ণ কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতের বাণিজ্য, সংস্কৃতি ও নিরাপত্তা সংক্রান্ত সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী দুই দেশের প্রশাসনিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.