রাজ্য

TMCP-র প্রতিষ্ঠা দিবসে নির্ধারিত পরীক্ষা, পরীক্ষাসূচি ঘিরে ক্ষোভ ছাত্র সংগঠনের

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবারও বড় আকারে সেই দিনটি উদ্‌যাপনের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি, যার মূল অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা কলকাতার মেয়ো রোডে। কিন্তু এবার সেই দিনেই দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত B.Com এবং B.A. LLB চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নির্ধারণ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর এই নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও সংঘাত।

TMCP-এর রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর অভিযোগ, ‘‘২৮ অগাস্টে পরীক্ষা নির্ধারণ করে ছাত্র-যুব সমাজের গণতান্ত্রিক অধিকারে বাধা সৃষ্টি করা হচ্ছে। এটি নিছক অ্যাকাডেমিক সিদ্ধান্ত নয়, বরং দিল্লির ইশারায় চলা রাজনৈতিক ষড়যন্ত্র।’’ তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে ‘বেআইনি অনুপ্রবেশকারী’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে তৃণাঙ্কুরের এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন উপাচার্য শান্তা দত্ত দে। তাঁর পাল্টা বক্তব্য, ‘‘একটি রাজনৈতিক দলের কর্মসূচির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি ঠিক করা যাবে না। এটা সরকারি ছুটির দিন নয়। ছাত্রছাত্রীদের একাডেমিক স্বার্থই আমাদের প্রথম প্রাধান্য। দলীয় স্বার্থে পরীক্ষা পিছোনো অগণতান্ত্রিক দাবি।’’

এই ঘটনা ঘিরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে ফের রাজনীতি ও শিক্ষাপ্রশাসনের টানাপোড়েন সামনে এল। এখন দেখার বিষয়, দুই পক্ষের অবস্থানে কোনও সমঝোতা হয় কি না, নাকি সংঘাত আরও বাড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.