ভারতের শীর্ষ লিগে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ধরে রাখার সামনে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা মুখোমুখি হবে ওড়িশা এফসির, যেখানে জয় পেলেই আইএসএল ২০২৪-২৫ লিগ শিল্ড নিশ্চিত করবে সবুজ-মেরুন ব্রিগেড।
বর্তমানে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি গোয়ার সংগ্রহ ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট, যা সর্বোচ্চ ৫১ পর্যন্ত পৌঁছতে পারে। তাই রবিবারের ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে লিগ শিল্ড জিতবে হোসে মোলিনার দল।
অন্যদিকে, ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ওড়িশা এফসি প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া। ষষ্ঠ স্থানে থাকা মুম্বাই সিটির (৩২ পয়েন্ট) থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থাকায় ওড়িশার কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইতিহাস ও পরিসংখ্যান তাদের পক্ষে নেই। মোহনবাগানের মাঠে এখনও জয় পায়নি তারা, চার দেখায় এক ড্র ও তিন হার রয়েছে।
ওড়িশার আক্রমণভাগ এই মৌসুমে অনবদ্য, বক্সের ভেতর থেকে ৪০টি গোল করেছে তারা, যা প্রতিযোগিতায় সর্বাধিক। কিন্তু প্রতিপক্ষ মোহনবাগান, যারা এবারের লিগে মাত্র ১১টি এমন গোল হজম করেছে – সর্বনিম্ন। এছাড়া, সর্বোচ্চ ১৩টি ক্লিনশিট নিয়ে দুর্দান্ত রক্ষণদুর্গ গড়েছে তারা এবং টানা পাঁচ ম্যাচে গোল খায়নি।
মোহনবাগানের কোচ মোলিনা জানিয়েছেন, শিরোপা জয়ের দোরগোড়ায় থাকলেও দল বিন্দুমাত্র আত্মতুষ্ট নয়। ওড়িশার কোচ সার্জিও লোবেরা স্বীকার করেছেন, প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণে দৃঢ়তা না আনলে এই ম্যাচ তাদের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে।
এই ম্যাচে নজর থাকবে ওড়িশার ফরোয়ার্ড ডিয়েগো মরিসিওর ওপর, যিনি আইএসএলে ৪৭ গোল করেছেন। আরও তিন গোল করতে পারলেই তিনি ৫০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। তবে মোহনবাগানের বিপক্ষে এখনও গোল পাননি তিনি।
লিগ শিল্ডের মঞ্চে মোহনবাগান ইতিহাস গড়বে, নাকি ওড়িশা এফসি অঘটনের জন্ম দেবে—সেটাই দেখার বিষয়।







