কলকাতাখেলাধুলা

মেসির কলকাতা সফর ঘিরে নতুন বিতর্ক, আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে ৫ কোটি টাকার তোলাবাজির অভিযোগ

কলকাতায় ফুটবল মহাতারকা Lionel Messi-র সফরকে ঘিরে বিতর্কের আবহ আরও ঘনীভূত হল। এবার ‘গোট ট্যুর’ অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে ৫ কোটি টাকা তোলাবাজি, ভয় দেখানো, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উঠেছে। কলকাতার প্রগতি ময়দান থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন শহরের ব্যবসায়ী অভিজিৎ দত্ত।

অভিযোগকারী দাবি করেছেন, গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত মেসির কলকাতা সফর সংক্রান্ত মেগা ইভেন্টে তিনি বৈধ অনুমতি ও অ্যাক্রেডিটেশন নিয়ে ‘ইভেন্ট ক্রু’ হিসেবে কাজ করেছিলেন। কিন্তু অনুষ্ঠানের দিন আয়োজকদের গাফিলতির কারণে মাঠের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ, অনুমোদনহীন বহু ব্যক্তি মাঠে প্রবেশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই বিশৃঙ্খলার মধ্যেই তিনি শারীরিক হেনস্থার শিকার হন।

অভিজিৎ দত্তের আরও অভিযোগ, ঘটনার কিছুদিন পর শতদ্রু দত্ত তাঁর সামাজিক মাধ্যমের একটি পোস্টে তাঁকে ওই বিশৃঙ্খলার অন্যতম মূল চক্রান্তকারী হিসেবে তুলে ধরেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর সামাজিক সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি অভিযোগকারীর।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তাঁকে কলকাতার একটি পাঁচতারা হোটেলে ডেকে পাঠানো হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি শতদ্রু দত্তের মুখোমুখি হন বলে দাবি। অভিযোগ, ওই বৈঠকে তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং নগদ ৫ কোটি টাকা দেওয়ার জন্য জোর করা হয়। টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

প্রগতি ময়দান থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে শতদ্রু দত্তের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, অভিযোগগুলি সম্পূর্ণরূপে অভিযোগকারীর দাবি। ঘটনার সত্যতা এবং অভিযোগের ভিত্তি তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.