খেলাধুলা

মেসির অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই সুখবর, ফের কলকাতায় আসছেন আর্জেন্টাইন মহাতারকা! এবার কি মাঠেও নামবেন?

আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসির বিদায় জানানোর ২৪ ঘণ্টাও পেরোয়নি। এর মধ্যেই কলকাতার মেসিভক্তদের জন্য এল বড়সড় সুখবর। গত বছরের যুবভারতী ক্রীড়াঙ্গনের বিতর্কিত ঘটনার স্মৃতি পিছনে ফেলে ফের তিলোত্তমায় পা রাখতে পারেন আর্জেন্টিনার মহাতারকা। শুধু গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ানো নয়, এবার কলকাতার মাটিতে তাঁকে মাঠে নেমে খেলতেও দেখা যেতে পারে বলে জোর জল্পনা।

যুবভারতীতে মেসিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি সাম্প্রতিক সময়ে বাংলার ক্রীড়াজগতের অন্যতম বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মেসির ‘গোট’ ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। তিনি আগেই জানিয়েছিলেন, খুব শীঘ্রই আবার মেসিকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করবেন।

ফুটবল বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার একটি ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় শতদ্রু লিখেছিলেন, “আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।” যদিও সেই পোস্টে মেসির নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে পোস্টের সময় এবং ইঙ্গিত থেকেই মেসিকে ফের কলকাতায় আনার পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল।

এ বার অবশ্য আর ইঙ্গিত নয়, সরাসরি মেসিকে কলকাতায় আনার কথা জানালেন শতদ্রু নিজেই। সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন মেসি। তাঁর সিদ্ধান্তে আবেগতাড়িত গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। প্রিয় তারকার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো সহজে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।

মেসির অবসর প্রসঙ্গে শতদ্রু বলেন, “আসলে মেসির বাবার মৃত্যুটা খুবই ধাক্কা দিয়েছে। তাছাড়া ৩৯ বছর বয়স হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেকটাই। আমার মনে হয়েছিল, মেসি এবার ক্লাব ফুটবলটাই উপভোগ করবে।”

এর পরেই কলকাতার মেসিভক্তদের জন্য বড় খবর দেন তিনি। শতদ্রুর কথায়, “আশা করছি আগামী বছর ফের মেসিকে আনতে পারব কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।”

মূলত আগামী বছর প্রাক-মরশুম প্রস্তুতির জন্য ইন্টার মায়ামির দক্ষিণ এশিয়া সফরের সম্ভাবনা রয়েছে। সেই সফরে দলের সঙ্গে মেসিও কলকাতায় আসতে পারেন বলে জানা যাচ্ছে। শতদ্রু দত্তের উদ্যোগেই ইন্টার মায়ামির সম্ভাব্য সফরের তালিকায় কলকাতার পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। সূত্রের খবর, মেসির টিমের সঙ্গে ইতিমধ্যেই একাধিক দফায় বৈঠক করেছেন শতদ্রু।

তবে গত ডিসেম্বরে যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এ বার তার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই না হয়, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন আয়োজকরা। আর ইন্টার মায়ামি যদি সত্যিই প্রাক-মরশুম প্রস্তুতির অংশ হিসেবে কলকাতায় আসে, তা হলে মেসিকে শুধু দর্শকদের অভিবাদন জানাতে নয়, বরং মাঠে নেমে খেলতে দেখার সম্ভাবনাও তৈরি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.