বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে মুখরোচক কিছু থাকলে মন্দ হয় না। কিন্তু প্রতিদিন নতুন কোনও পদ বানানোর জন্য দীর্ঘ সময় রান্নাঘরে কাটাতেও ইচ্ছে করে না। এমন পরিস্থিতিতে ভরসা রাখতে পারেন মেঘালয়ের জনপ্রিয় ‘আলু মুড়ি’-র উপর। ঝটপট তৈরি হওয়া এই স্ন্যাকসে একসঙ্গে মিলবে মুড়ির মুচমুচে স্বাদ, সেদ্ধ আলুর নরম ভাব এবং ঝাল-টক-মশলাদার স্বাদের দারুণ ভারসাম্য।
সবচেয়ে বড় কথা, এই পদ তৈরি করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলা যায় এই মজাদার স্ন্যাকস।
যে যে উপকরণ লাগবে
২ কাপ মুড়ি, ২টি সেদ্ধ আলু, ১টি কুচনো পেঁয়াজ, ১-২টি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা, ১-২ চা চামচ সর্ষের তেল, ১ চা চামচ লেবুর রস, স্বাদমতো নুন, আধ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং সামান্য চাট মশলা।
কীভাবে বানাবেন?
প্রথমে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি বড় পাত্রে মুড়ি নিয়ে তার মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং ধনেপাতা দিয়ে দিন। এরপর নুন, লঙ্কাগুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং চাট মশলা ছড়িয়ে দিন।
সবশেষে যোগ করুন লেবুর রস এবং সর্ষের তেল। এবার হাত বা চামচ দিয়ে সব উপকরণ হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি। তবে একটি বিষয় মনে রাখা জরুরি—অনেকক্ষণ আগে থেকে মুড়ির সঙ্গে উপকরণ মিশিয়ে রাখবেন না। তাতে মুড়ি নরম হয়ে যেতে পারে। তাই পরিবেশনের ঠিক আগেই মেশানো সবচেয়ে ভাল।
মুচমুচে মুড়ি, নরম আলু আর সর্ষের তেলের ঝাঁঝ—এই তিনের মেলবন্ধনেই জমে উঠবে মেঘালয়ের এই সহজ পদ। বিকেলের চায়ের সঙ্গে একবার পরিবেশন করলেই আড্ডার আসর জমে উঠতে বাধ্য!







