বিশ্ব

একের পর এক দেশে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প, এবার নিশানায় কানাডা

বিশ্ব রাজনীতির মঞ্চে ফের একবার বাণিজ্যিক আগ্রাসনের পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে একাধিক দেশে আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর পর, এবার তার টার্গেট হল প্রতিবেশী কানাডা। বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক বসানো হবে। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবারই কানাডার রাজধানী অটোয়ায় সেই সিদ্ধান্ত সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এই সিদ্ধান্তে শুধু শুল্ক চাপানোর কথাই নয়, সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি যদি কানাডা পাল্টা প্রতিক্রিয়া দেখাতে চায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে একটি বিতর্কিত ওষুধ ফেন্টানাইল। মার্কিন প্রশাসনের দাবি, অত্যন্ত শক্তিশালী এই মাদকজাত দ্রব্যটি মূলত কানাডা হয়ে আমেরিকায় প্রবেশ করছে। যদিও ওষুধটি ব্যথানাশক হিসেবে ব্যবহারের কথা বলা হয়, তবে এর অপব্যবহার নাকি আমেরিকায় মারাত্মক রূপ নিচ্ছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও দুই প্রশাসনের মাঝে সম্পর্কে টানাপোড়েন বাড়িয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগেই ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। এবার কানাডা সেই তালিকায় যুক্ত হল। শুধু তাই নয়, BRICS সম্মেলনের প্রেক্ষাপটে ট্রাম্প আরও জানিয়েছেন, যেসব দেশ আমেরিকা-বিরোধী অবস্থান নিচ্ছে, তাদের ওপর অতিরিক্ত ১০% শুল্ক বসানো হবে। মঙ্গলবার থেকেই একাধিক দেশে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠানো শুরু হয়েছে। তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, বসনিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, মায়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, মালয়েশিয়া এবং বাংলাদেশ-সহ মোট ১৪টি দেশ। সূত্রের খবর অনুযায়ী, লিবিয়া, ইরাক ও আলজেরিয়ার মতো দেশগুলির উপরও ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে।

তবে অন্যদিকে ভারত প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান কিছুটা ইতিবাচক। হোয়াইট হাউসে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি প্রক্রিয়া বেশ এগিয়েছে। যদিও কিছু বিষয়ে মতানৈক্য থাকায় চুক্তি এখনও সম্পূর্ণ হয়নি, তবুও আলোচনা চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের এই ধারাবাহিক সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য মহলে আলোড়ন ফেলেছে। অনেকেই মনে করছেন, নির্বাচনী বছরকে মাথায় রেখে নিজের ‘অর্থনৈতিক জাতীয়তাবাদ’-এর কৌশলকেই জোরদার করছেন মার্কিন প্রেসিডেন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.