২০২৬-এর আগে বাংলার রাজনীতিতে যেন এক অদ্ভুত সমীকরণ! একদিকে শুভেন্দু অধিকারীর কড়া হিন্দুত্বের সুর, অন্যদিকে শমীক ভট্টাচার্যের ‘পতাকা তুলে রাখুন’ বার্তা—সব মিলিয়ে বঙ্গ রাজনীতির চিত্রনাট্য নতুন মোড়ে। তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে বাম-কংগ্রেসকে একযোগে পথে নামার আহ্বান জানাচ্ছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
দু’দিন আগেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলেন, “তৃণমূলকে ফেলে দিতে হবে, তার জন্য প্রয়োজন সকলের ঐক্য।” সেই সুরেই ফের হিন্দু ভোট এককাট্টা করার ডাক দিয়ে বিজেপির রাজ্য সভাপতির মঞ্চও হয়ে ওঠে রাজনৈতিক বার্তার কেন্দ্রবিন্দু।
তবে শমীক ভট্টাচার্যের সুর কিছুটা ভিন্ন। মুখে হিন্দুত্বের আগ্রাসী আওয়াজ না তুললেও, তাঁর বার্তা সরাসরি বাম ও কংগ্রেসের উদ্দেশ্যে—“চলুন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাক। তারপর আপনারা আপনাদের মতাদর্শের রাজনীতি করুন।”
এই মন্তব্যে রীতিমতো তাপমাত্রা বেড়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন, শমীক কি তবে ‘মধ্যপন্থী বিজেপি’র বার্তা দিচ্ছেন? নাকি বাম-কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসানোর কৌশল?
সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, “বিজেপি নেতারা আসলে বামফ্রন্ট সরকারের আবেদন জানাচ্ছেন। এতে আমাদের খুশি হওয়াই স্বাভাবিক। ওঁরা বুঝে গিয়েছেন, তৃণমূলকে সরানোর লড়াই বিজেপির পক্ষে আর সম্ভব নয়।”
সৃজনের কটাক্ষ, “একদিকে মহরমের তাজিয়া, অন্যদিকে পুজোর মিছিল—এই বাংলায় এমন সহাবস্থানের ডাক তো বুদ্ধবাবু-জ্যোতিবাবুর আমলেই মিলত। বিজেপির রাজ্য সভাপতি এবার সেই বাংলাই চাইছেন?”
তবে সবচেয়ে বড় প্রশ্ন—বিজেপি কর্মীরা যদি সত্যিই বামেদের দিকে ঝোঁকেন, তাহলে আদর্শগতভাবে কি তা হজম করতে পারবেন ‘মার্ক্সবাদীরা’?
ভোট পরিসংখ্যান বলে, ২০১৬ থেকে ২০২৩—প্রায় সব বড় ভোটেই বাম ভোট ঘুরেছে বিজেপির দিকে। এবার উল্টোটা হলে বামেদের ‘রক্তক্ষরণ’ ঠেকানো কতটা সম্ভব, তা নিয়ে চিন্তায় আলিমুদ্দিনও।
২০২৬-এর ভোটের আগে এই ‘বিপরীতমুখী আকর্ষণ’ বাংলার রাজনীতিকে কোনদিকে নিয়ে যাবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রতিটি রাজনৈতিক আড্ডায়।







