অশোকনগরে অভিযান চালিয়ে দুই আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে জালে পুরেছে পুলিশ। ধৃতের নাম গফর মোল্লা, বয়স ৩৯ বছর। তার বাড়ি আমডাঙ্গা থানার বোদাই গ্রাম পঞ্চায়েতের বেলু এলাকায়।
পুলিশ সূত্রে খবর, গত ২৬শে এপ্রিল গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ হিজলীয়া এলাকা থেকে গফরকে গ্রেফতার করে। এরপর বারাসাত আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে গফরের দেওয়া তথ্যের ভিত্তিতে আমডাঙ্গার বেলু এলাকার তার গোপন ডেরা থেকে একটি সেভেন এমএম পিস্তল ও একটি ওয়ান শাটার উদ্ধার করে পুলিশ।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন গফর কত দিন ধরে এই অবৈধ কারবারে জড়িত, এর পেছনে আর কারা রয়েছে এবং অস্ত্রের উৎস কোথায়। অস্ত্রের সঙ্গে বিহারের মুঙ্গেরের কোনো যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। গফরকে জেরা করে এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিশ।







