টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, “টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মানের। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।”
বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল, লাল বলের ক্রিকেটে খারাপ পারফরম্যান্সের কারণে রোহিত নেতৃত্ব হারাতে পারেন—এই ইঙ্গিতই হয়তো তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান, গড় ৬.২০। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে তিনি নিজেই নিজেকে বাদ দেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর গড় ছিল মাত্র ১৫.১৬।
এই সিদ্ধান্তের পর রোহিতের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময় যাঁর হাত ধরে রোহিত অধিনায়ক হয়েছিলেন, সেই সৌরভ বলেন, “একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে রোহিত। ও কিছুদিন লাল বলে স্ট্রাগল করছিল।”
রোহিত দেশের হয়ে ৬৭টি টেস্টে ৪৩০১ রান করেছেন, গড় ৪০.৫৭। রয়েছে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান।
এখন প্রশ্ন উঠেছে, রোহিতের পরে কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক। যদিও এ নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, নির্বাচকদের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করা হবে।
রোহিত টেস্টকে বিদায় জানালেও ওয়ানডে ও টি-২০তে ভারতের প্রতিনিধিত্ব করে যাবেন।
আপনি কি রোহিতের এই সিদ্ধান্তকে সমর্থন করেন?







