ক্রাইম

প্রেমের বলি, হরিয়ানার ছায়া বাংলায়, পরকীয়ার জেরে খুন?

হরিয়ানার মর্মান্তিক প্রেমঘটিত খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলার বুকেও ফিরে এল সেই বিভীষিকা। ময়নাগুড়িতে এক যুবককে খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্য। একইসঙ্গে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে এসেছে আরও এক লোমহর্ষক ঘটনা, যেখানে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী।
ময়নাগুড়ির ঘটনাটি এখনও ধোঁয়াশায় মোড়া। জানা গেছে, বাড়ির ৩০০ মিটার দূরে একটি বাইক উদ্ধারের পর মাটি খুঁড়ে উদ্ধার হয় এক যুবকের দেহ। প্রত্যক্ষদর্শীর মতে, মৃতদেহটি ৩০ বছর বয়সী গৌতম রায়ের। যদিও অতিরিক্ত পুলিশ সুপার এখনও মৃতদেহ সনাক্তের বিষয়ে নিশ্চিত নন। তিনি জানান, “এটা নিজেদের মধ্যে কোনো সমস্যা ছিল। মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সনাক্ত করার চেষ্টা চলছে, বাড়ির লোক পলাতক।” জানা গেছে, মৃত গৌতম ও অভিযুক্ত দুজনেই আসামে কাঠমিস্ত্রির কাজ করত এবং গত পাঁচদিন ধরে বাড়িতে এসেছিল। ত্রিকোণ প্রেমের জেরে এই খুন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, উত্তর ২৪ পরগনার গোপালনগরে আরও এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে রাজ্য। এক বছর আগে গোপালনগরের বাসিন্দা সুকদেব বিশ্বাসের স্ত্রী দীপু মিস্ত্রি সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে নতুন সংসার পেতেছিল। স্ত্রীর এই নতুন সম্পর্ক মেনে নিতে পারেনি সুকদেব। বারংবার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় শেষমেশ সে বেছে নেয় হিংসার পথ। গত সন্ধ্যায় দীপু যখন প্রেমিকের বাড়িতে বসে টিভি দেখছিল, তখনই পিছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সুকদেব। স্ত্রীকে খুন করার পর নিজের পেটেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টাও করে সে। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দীপুকে ‘মৃত’ ঘোষণা করেন।
এই দুটি ঘটনাই আবারও প্রমাণ করে দিল, ভালোবাসার নামে উন্মত্ততা কতটা ভয়ঙ্কর হতে পারে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে, তবে এই বর্বরতার পেছনের কারণ অনুসন্ধানে সমাজও স্তম্ভিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.