ধাক্কা খেলেও দমে যাওয়ার মানুষ তিনি নন । এখন তামিলনাড়ু জুড়ে , শুধু তাঁর নামেরই রব , ‘বিজয় ধান ভারুভারু…’, যার অর্থ , জয় অবশ্যম্ভাবী বিজয়ের। এর মাঝেই , বৃহস্পতিবার সকালে তামিলনাড়ু এর লোকভবনে পৌঁছে গেলেন বিজয় থালাপতি । তাহলে কি বৃহস্পতিতেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি ?
বুধবার দুপুরে তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। সেখানে সরকার গঠনের দাবি জানান তিনি। তবে সূত্রের খবর, টিভিকে-র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করেন রাজ্যপাল। কারণ, বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন, অথচ সরকার গড়তে প্রয়োজন আরও ১০টি আসন। যদিও কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের ঝুলিতে রয়েছে মাত্র পাঁচটি আসন। ফলে এখনও সংখ্যার অঙ্কে পিছিয়ে টিভিকে। সেই কারণেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ সম্ভব নয় বলেই জানিয়ে দেন রাজ্যপাল।
এরপর বৃহস্পতিবার সকালে ফের রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন টিভিকে প্রধান। তিনি দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন তাঁর হাতে রয়েছে এবং আস্থা ভোটের মুখোমুখি হতেও প্রস্তুত দল। টিভিকে-র তরফে স্পষ্ট করে বলা হয়েছে, এরপরও যদি সরকার গঠনের অনুমতি না মেলে, তাহলে তারা আইনি পথেও হাঁটতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শেষ পর্যন্ত বিজয়ের পাশে দাঁড়াতে পারেন মোট ১২৩ জন বিধায়ক। বাম দলগুলির পাশাপাশি ডিএমকের শরিক ভিসিকে এবং বিজেপি জোটের পিএমকের সমর্থনও মিলতে পারে বলে জল্পনা।
তাহলে কি বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ‘থলপতি’? সেই সম্ভাবনা আপাতত খুবই কম। রাজ্যপাল যদি সংখ্যাগরিষ্ঠতা মেনে নিয়েও আস্থা ভোটের নির্দেশ দেন, তাহলে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শপথগ্রহণ হওয়া কার্যত অসম্ভব। তবে এটা স্পষ্ট, নিজের রাজনৈতিক লক্ষ্যপূরণের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছেন বিজয়। যদিও তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা ও জল্পনা এখনও কাটেনি।







