বিনোদন

ইমপায় তুঙ্গে সংঘাত: পদত্যাগে অনড় বিরোধীরা, অভিযোগ উড়িয়ে পিয়া সেনগুপ্ত

কলকাতার চলচ্চিত্র মহলে নতুন করে উত্তেজনা ছড়াল ইমপাকে ঘিরে। সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবিতে সরব বিরোধীপক্ষের প্রযোজকেরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, পিয়া পদ না ছাড়া পর্যন্ত সংগঠনের “সম্পূর্ণ শুদ্ধিকরণ” সম্ভব নয়।

সোমবার বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই ইমপার দফতরে অবস্থান শুরু করেন বিরোধীপক্ষের একাংশ প্রযোজক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তাঁরা অভিযোগ তোলেন, সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হলে অবিলম্বে নেতৃত্বে পরিবর্তন জরুরি। শুধু তাই নয়, বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন করে জরুরি নির্বাচন করার দাবিও ওঠে। বুধবার দিনভর চাপানউতরের পর পরিস্থিতি আরও জটিল আকার নেয়। বিরোধীপক্ষের প্রতিনিধি তথা পরিবেশক ও হলমালিক শতদীপ সাহা জানান, শুক্রবার দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। তবে তাঁদের অবস্থান অনড়—পিয়া সেনগুপ্তর পদত্যাগ ছাড়া কোনও সমাধান মেনে নেওয়া হবে না।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিয়া সেনগুপ্ত। তাঁর দাবি, নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে এবং এতে কোনও বেআইনি কিছু ঘটেনি। তিনি জানান, কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে বৈধ সদস্যদের তালিকা তৈরি করা হয়েছিল। প্রত্যেক অংশগ্রহণকারী সদস্য প্রমাণপত্র দেখিয়েই ভোটে অংশ নেন। ফলে ‘বহিরাগতদের নিয়ে ভোট’—এই অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর পুত্র অভিনেতা বনি সেনগুপ্তও। বৈঠক শেষে পিয়া স্পষ্ট বার্তা দেন, আইন মেনেই সবকিছু হয়েছে এবং সংগঠনের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন ওঠার অবকাশ নেই। এখন নজর শুক্রবারের বৈঠকের দিকে। ইমপার অন্দরের এই টানাপড়েন আদৌ মিটবে, নাকি আরও জটিল হবে পরিস্থিতি। সেই দিকেই তাকিয়ে টলিপাড়ার সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.