একসময় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘বালিকা বধূ’। আর সেখানেই ছোটো আনন্দীর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন অভিনেত্রী অভিকা গর। সময়ের সঙ্গে সঙ্গে কিশোরী অভিকা আজ যুবতী। ছোটোপর্দার প্রিয় মুখ অভিকা আজও দর্শকের হৃদয়ে সমান জনপ্রিয়। সম্প্রতি জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর প্রেমিক মিলিন্দ চন্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন অভিকা। মিলিন্দ ‘রোডিস’-এর প্রাক্তন প্রতিযোগী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও লুকোচুরি করেন না অভিকা। বরং সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন তিনি।
বাগদানের দিন অভিকা ও মিলিন্দকে দেখা গেল রংমিলান্তি পোশাকে। হালকা গোলাপি শাড়িতে অভিকা ছিলেন অপরূপা। মিলিন্দ পরেছিলেন একই রঙের কুর্তা-পায়জামা ও নেহরু জ্যাকেট। প্রেমিকের গালে চুম্বন এঁকে নতুন জীবনে পা রাখলেন ‘আনন্দী’। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বাগদানের ছবি শেয়ার করে অভিকা লিখেছেন,”সে আমায় জিজ্ঞেস করেছিল… আমি হেসেছিলাম, একটু কেঁদেওছিলাম। তারপর হ্যাঁ বলেছিলাম। এখন আমার পরিবার সম্পূর্ণ। ব্যাকগ্রাউন্ড স্কোর, স্বপ্ন… সব একসঙ্গে মিলেমিশে গেছে।”
প্রেমিক মিলিন্দ সম্পর্কে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে অভিকা আরও লেখেন,”ও খুব যুক্তিবাদী, শান্ত স্বভাবের। আমার নাটকীয়তা পছন্দ করে, আর সেটা খুব সুন্দরভাবে সামলেও নেয়। আমরা একে অপরের জন্য পারফেক্ট। যখন আমার ভিতরের হিরোইন বাহু মেলে ধরেছিল, তখন আমি কেঁদে ফেলেছিলাম, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটাই বোধহয় ভালবাসা। নিখুঁত না হলেও, ম্যাজিক্যাল।” অভিকা-মিলিন্দের বাগদানের খবরে শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই লাভবার্ডস জুটি। তাঁদের নতুন জীবনের শুরুতে শুভকামনা জানিয়েছেন ভক্তরা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেকেই।







