‘২ অক্টোবর কো ক্যায়া হুয়া থা?’—এই একটি সংলাপেই কেঁপে উঠেছিল গোটা সিনে-দুনিয়া। থমথমে রহস্য, আবেগে টানটান পারিবারিক গল্প আর চমকে দেওয়ার মতো টুইস্ট—এই তিনে মুড়ে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল ‘দৃশ্যম’। আর সেই সাসপেন্স ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে বড়পর্দায়—তৃতীয় কিস্তি নিয়ে!
সূত্রের খবর, ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু হতে চলেছে আগামী ২ অক্টোবর থেকে। এমন নয় যে এই দিনটা হঠাৎ বেছে নেওয়া, বরং এই তারিখের সঙ্গে জড়িয়ে রয়েছে ফ্র্যাঞ্চাইজির অস্থিমজ্জা! প্রথম দুই ছবিতে যেমন ২ অক্টোবর ছিল কাহিনির মোড় ঘোরানো দিন, এবারেও সেই ট্র্যাডিশন বজায় রেখে শুরু হবে শুটিং।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে টানা তিন মাস ধরে চলবে শুটিং। বিশাল বাজেট, দীর্ঘ শিডিউল আর দমবন্ধ করা গল্প—সব মিলিয়ে একেবারে বলিউডি থ্রিলারে ফিরছেন বিজয় সালাগাঁওকার, মানে অজয় দেবগণ।
শুধু শুটিং নয়, মুক্তির তারিখও আগেই লক! আগামী ২ অক্টোবর, ২০২৬—হ্যাঁ, সেই একই দিনেই প্রেক্ষাগৃহে আসছে ‘দৃশ্যম ৩’। আর এবারও দর্শকের সামনে ধাঁধার মতো গল্প খোলার চাবিকাঠি হবে একটাই প্রশ্ন—”২ অক্টোবর কো ক্যায়া হুয়া থা?”
অজয় দেবগণের পাশাপাশি এই ছবিতে থাকছেন আগের চেনা মুখ—শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, তব্বু ও রজত কাপুর।
তাই আবারও সিনেমা হল কাঁপাতে তৈরি ‘দৃশ্যম’। অপেক্ষা শুধু ২ অক্টোবরের ঘড়ি ধরার।
রহস্য এবার আরও গভীর, খেলাটা এবার আরও বিপজ্জনক!







