খেলাধুলা

স্বস্তি ফিরল বেঙ্গালুরুতে: পদপিষ্টের ঘটনা সত্ত্বেও চিন্নাস্বামীতেই হবে আইপিএল, আশ্বাস দিলেন উপমুখ্যমন্ত্রী শিবকুমার

গত ৪ জুন বিরাট কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর চিন্নাস্বামী স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, অবশেষে তাতে ইতি পড়ল। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইপিএলের ম্যাচ বেঙ্গালুরু থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে না। চিন্নাস্বামীতেই হবে আসন্ন আইপিএল-এর আসর।

এই দুর্ঘটনার পর থেকেই কার্যত ‘একঘরে’ হয়ে গিয়েছিল চিন্নাস্বামী। ঘটনার জেরে মহিলাদের বিশ্বকাপের ম্যাচও এই স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর পরেই গুঞ্জন ছড়ায় যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের হোম ম্যাচ বেঙ্গালুরুর বদলে পুণের গাহুঞ্জে স্টেডিয়ামে খেলতে পারে। কর্নাটক সরকারের বিশেষ নির্দেশিকার পর এই জল্পনা আরও তীব্র হয়েছিল। এই পরিস্থিতিতে আরসিবি এবং আইপিএল নিয়ে মুখ খুলে শিবকুমার ক্রিকেটপ্রেমীদের আশ্বাস দেন। তিনি বলেন“আমি নিজেও ক্রিকেট খুব ভালোবাসি। অতীতে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, আমরা নিশ্চিত করব যেন তার পুনরাবৃত্তি না হয়। চিন্নাস্বামীতে এমনভাবে ক্রিকেটের আসর বসবে, যা গোটা বেঙ্গালুরুর সম্মানকে তুলে ধরবে। আইপিএল অন্যত্র সরানো হবে না। এই চিন্নাস্বামীই কর্নাটক এবং বেঙ্গালুরুর গর্ব, সেই গর্ব অক্ষুণ্ণ থাকবে।”

এর আগে এই পদপিষ্টের ঘটনায় দায় কার, তা নিয়ে কর্নাটক সরকার, ক্রিকেট সংস্থা এবং আরসিবি ম্যানেজমেন্টের মধ্যে বিস্তর চাপানউতোর চলেছিল। দিন কয়েক আগে রাজ্য সরকারের তরফ থেকে স্টেডিয়ামের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছিল, বিপুল সংখ্যক দর্শকের জন্য চিন্নাস্বামী আদৌ সুরক্ষিত কিনা, তার প্রমাণ দিতে হবে।তবে রবিবারের বিবৃতিতে শিবকুমার খানিকটা উলটো সুরেই জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) পর্যাপ্ত ব্যবস্থা নেবে। যদিও অনেকে মনে করছেন, নিরাপত্তার স্বার্থে আইপিএলের সময় স্টেডিয়ামের দর্শকসংখ্যায় রাশ টানা হতে পারে, তবে আপাতত বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীরা বিরাট কোহলির রাজকীয় ব্যাটিং নিজেদের শহরে বসে দেখতে পাওয়ার আশা ফিরে পেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.