ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ আইএসএলকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘে অবশেষে ফুঁটল আশার আলো। সুপ্রিম কোর্টের নির্দেশে বৈঠকে বসে এআইএফএফ ও এফএসডিএল প্রাথমিকভাবে একমত হয়েছে চুক্তি অস্থায়ী ভাবে বাড়াতে। ফলে সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর থেকেই শুরু হতে পারে নতুন মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। ভারতীয় ফুটবলের স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত ক্লাবগুলির দুশ্চিন্তা অনেকটাই কমাতে পারে।
জানা গিয়েছে, এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের বর্তমান চুক্তি শেষ হবে ৮ ডিসেম্বর। তবে মৌখিকভাবে দু’পক্ষ রাজি হয়েছে সেটি আগামী এপ্রিল পর্যন্ত বাড়াতে। তাতে ২০২৫-২৬ মরশুম নির্বিঘ্নে আয়োজন সম্ভব হবে। ইতিমধ্যেই প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তায় ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি ও চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মীদের বেতন স্থগিত রেখেছিল। ফলে টুর্নামেন্ট শুরু নিয়ে ইতিবাচক বার্তা আসা এই ক্লাবগুলির আর্থিক স্থিতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তবে আলোচনা শুধু সময়সীমা নয়, অবনমন ও উন্নীতকরণ নিয়েও। আইএসএলের দশটি ক্লাবই অবনমন শুরুর দাবি তুলেছে। তাদের মতে, আইলিগ জয়ী দলকে উপরের স্তরে খেলার সুযোগ না দিলে, কিংবা শেষ স্থানে থাকা আইএসএল দলের পতন না ঘটলে প্রতিযোগিতার ভারসাম্য থাকবে না। ফুটবলারদের মধ্যে দায়িত্বজ্ঞানহীন মানসিকতা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। তাই চুক্তি অস্থায়ী হলেও এই সংবেদনশীল বিষয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।
সূত্রের খবর, ২৮ অগস্ট সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব জমা দেবে এআইএফএফ ও এফএসডিএল। বিচারাধীন অবস্থায় কোনও পক্ষই প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে বুধবার ফের বৈঠকে বসে বিস্তারিত আলোচনা হবে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভারতীয় ফুটবলপ্রেমীরা নতুন মরশুমের আইএসএলের কিক অফ উপভোগ করতে পারবেন।







