রবিবার প্রধানমন্ত্রীর জনসভার দরুন ক্ষতি হয়েছে মাঠের ফসলের। অভিযোগ উঠেছে, ক্ষতিপূরণ মেলেনি। এবার সোমবার নিকুঞ্জপুরে ওই একই মাঠে প্রধানমন্ত্রীর পাল্টা সভা করে এই ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টার নোটিসে আমি এখানে সভা করতে এসেছি। আমাকে কৃষকরা জানালেন যে, তাঁদের জমিগুলিকে নষ্ট করে দিয়েছে। তাঁদের ফসল নষ্ট করে দিয়ে মিটিং করে গিয়েছে। চাও শুধু আমাকে গালাগালি দিতে এসেছিল। আজকে কিন্তু আমার এখানে মিটিং ছিল না। আমি এখন মেদিনীপুরে যাব। আমার পাঁশকুড়ায় মিটিং আছে, মেদিনীপুরে র্যালি আছে। কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথার জবাব দেওয়ার জন্য আর কৃষকদের সমর্থনে এই মিটিংয়ে আমি এসেছি।’ কৃষকদের উদ্দেশে উবাচ, ‘আপনাদের যাঁদের ফসল নষ্ট হয়েছে সেটা প্রশাসন দেখে নেবে যাতে ক্ষতিপূরণ পান।’
উল্লেখ্য, গত রবিবার বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে ওন্দার নিকুঞ্জপুরে জনসভা করেন নরেন্দ্র মোদী। হেলিপ্যাড যেখানে নামে সেখানটা জুড়ে ছিল বিস্তীর্ণ জমি। ফসলে ছিল ভর্তি। চাষিদের একাংশের দাবি, সভাস্থল ও হেলিপ্যাড তৈরির জন্য বিজেপি অনুমতি নেয় এবং সেখানে চাষিদের ফসলের ক্ষতিপূরণও দেওয়া হয়। তবে তাছাড়াও, পায়ের চাপ লেগে অনেক ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।






