খিদিরপুরের পুড়ে ছাই হওয়া বাজার ঘুরে দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরের পরদিনই পৌঁছে বিস্ফোরক মন্তব্য করে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুললেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং ও অর্জুন সিং। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “আমি জমি রক্ষা আন্দোলনে ডক্টরেট, এই আগুন পরিকল্পিত!”
রবিবার রাত ১টায় আগুন লাগার পর কেন ভোর ৪টেয় দমকল পৌঁছল, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “প্ল্যানিংটা বুঝছেন তো?” তাঁর ইঙ্গিত স্পষ্ট—এ যেন জতুগৃহ! শুভেন্দুর বক্তব্য, সরকার বিকল্প জায়গার কথা বললেও আসল লক্ষ্য এলাকা বিক্রি করে দেওয়া। তাঁর কটাক্ষ, “চিড়িয়াখানা, সেন্ট্রাল জেল বেচেছেন, এখন কি খিদিরপুর বাজারের পালা?”
ব্যবসায়ীদের ক্ষোভের সুরেই সুর মিলিয়ে তিনি বলেন, “যদি প্রশাসন দোকান ভাঙতে আসে, দাঁতে দাঁত চেপে রুখে দিন।” তাঁর আশ্বাস, “কোনও রাজনৈতিক ঝান্ডা নয়, হকের দাবিতে লড়াইয়ে আমরা একসঙ্গে আছি।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ১ লক্ষ ও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করলেও, বহু ব্যবসায়ী তাতে অসন্তুষ্ট। বামপন্থীরা ইতিমধ্যেই এটিকে ‘ম্যান-মেড ফায়ার’ বলে অভিহিত করেছে। বিজেপিও একই তত্ত্বে ইঙ্গিত দিচ্ছে।
এই অগ্নিকাণ্ড কেবল দুর্ঘটনা, না কি বড় কোনও রেকেটের মুখোশ? এই প্রশ্নই এখন দগদগে খিদিরপুরে ছড়িয়ে পড়ছে। আগুনের ছাইয়ের নিচে কি চাপা রয়েছে বড় ষড়যন্ত্র? উত্তরের অপেক্ষায় শহর।







