খেলাধুলা

‘আকাশ’ ছুঁয়ে ইতিহাস, এজবাস্টনে বাংলার দীপে জ্বলে উঠল ভারত

বার্মিংহ্যামের আকাশে যখন রোদ-বৃষ্টির লুকোচুরি, তখনই ভারতীয় ক্রিকেটের আকাশে জ্বলে উঠলেন বাংলার দীপ—আকাশদীপ। ইতিহাস রচনা করে এজবাস্টনে প্রথমবার টেস্ট জয় ভারতের। তাও আবার ৩৩৬ রানের বড় ব্যবধানে। শুভমন গিলের অধিনায়কত্বে ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে যেভাবে আকাশদীপ বল করলেন, তাতে বোঝা গেল ভারতীয় পেস ব্রিগেড কতটা গভীর এবং শক্তিশালী। এখন দু’দলের পাখির চোখ ঐতিহাসিক লর্ডস টেস্ট।

রবিবারের সকালে খেলা দেরিতে শুরু হলেও, ভারতীয় বোলারদের দাপট ছিল প্রথম থেকেই স্পষ্ট। আকাশদীপ শুরুতেই ফিরিয়ে দেন অলি পোপ ও হ্যারি ব্রুককে। ইংল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেন স্টোকস ও জেমি স্মিথের লড়াইয়ে। ধ্রুপদী টেস্ট ব্যাটিংয়ে তারা ৭০ রানের জুটি গড়ে কিছুটা চাপ তৈরি করলেও, মধ্যাহ্নভোজের ঠিক আগেই স্টোকসের উইকেট ভারতের দিকে পাল্লা ভারী করে দেয়। সেখান থেকে আর পেছনে তাকাতে হয়নি।

জেমি স্মিথ অবশ্য আকাশদীপকে পাল্টা চাপে ফেলতে চাইছিলেন। এক ওভারে দু’টি ছক্কা মেরেও দেখিয়ে দেন তা। কিন্তু অভিজ্ঞতায় এগিয়ে থাকা আকাশদীপ নিজের গতি কমিয়ে ঠিক সেই ওভারেই ফিরিয়ে দেন স্মিথকে। ওখানেই শেষ ইংল্যান্ডের প্রতিরোধ। শেষ উইকেটগুলো তুলতে একটু সময় নিলেও, ভারতের জয়ে কোনও সংশয় ছিল না।

এই জয়ে সবচেয়ে বড় প্রাপ্তি দুই আকাশ—বোলার আকাশদীপ এবং অধিনায়ক গিল। গম্ভীরের পছন্দের প্রসিদ্ধ এজবাস্টনে এক উইকেটেই শেষ। লর্ডসে বুমরাহ ফিরলে প্রসিদ্ধের জায়গা নেওয়াই স্বাভাবিক। তবে আকাশদীপকে বাদ দেওয়া হলে তা হবে ক্রিকেট যুক্তির সঙ্গে বড় অন্যায়। কেননা এজবাস্টনের আকাশে তিনিই আজ ভারতের সত্যিকারের নায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.