হিমাচল প্রদেশের সেরাজ বিধানসভা কেন্দ্র থেকে উঠে এল এক হৃদয়বিদারক অথচ অলৌকিক ঘটনা। মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে ভেসে গেল একটি পরিবার, শুধুমাত্র বেঁচে রইল ১১ মাসের এক শিশু—নিকিতা।
গত ৩০ জুন রাতের প্রবল বৃষ্টিতে জলস্তর হু হু করে বাড়তে থাকে। তখন নিকিতার বাবা রমেশ, মা রাধা ও ঠাকুমা পূর্ণুদেবী নিজেদের ঘরের পেছন দিয়ে ধেয়ে আসা বানের জলকে আটকাতে মরিয়া চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ স্রোতের গতি বেড়ে যাওয়ায় তাঁরা জলের তোড়ে তলিয়ে যান। সেই সময় খাটে শুয়ে থাকা ছোট্ট নিকিতা অলৌকিকভাবে রক্ষা পায়।
এই মর্মান্তিক ঘটনার পর এখন সে তার পিসির কাছে রয়েছে। রমেশের মৃতদেহ উদ্ধার হলেও, রাধা ও পূর্ণুদেবীর সন্ধানে চলছে তল্লাশি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গোহরের মহকুমাশাসক স্মৃতিকা নেগির কোলে খেলে বেড়াচ্ছে নিকিতা। বহু মানুষ এই অনাথ শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানান স্মৃতিকা।
উল্লেখ্য, হিমাচলের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপটে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭২ জন, নিখোঁজ ৪০। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৪০০ কোটি টাকা।







