মাত্র ১৫ বছর বয়সে দেশের জার্সিতে অভিষেক। ২০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার! অলিভিয়া স্মিথের ফুটবল যাত্রা যেন রূপকথার মতো। আর সেই রূপকথাকেই বাস্তব করল ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। ১১ কোটি ৫৫ লাখ টাকা খরচ করে তারা কিনে নিল কানাডার এই মিডফিল্ডারকে, গড়ল মহিলাদের ফুটবলে দলবদলের নতুন বিশ্বরেকর্ড।
এর আগে সবচেয়ে দামি ছিলেন আমেরিকার নাওমি গিরমা, যাঁকে চেলসি কিনেছিল ৯ লাখ পাউন্ড দিয়ে। সেই নজিরও ভেঙে দিলেন স্মিথ। সদ্যসমাপ্ত মরসুমে লিভারপুলের হয়ে দুরন্ত খেলেছেন। ২৫ ম্যাচে ৯ গোল করে হয়েছেন দলের সর্বোচ্চ স্কোরার। পেয়েছেন ইংল্যান্ডের মহিলা লিগের সেরা ফুটবলারের খেতাবও। ফলে আর্সেনাল, চেলসি ও অলিম্পিক লিওঁ—সব ক্লাবের নজর ছিল তাঁর দিকেই। শেষমেশ রেকর্ড টাকায় লিভারপুলকে রাজি করাল আর্সেনাল।
আর্সেনালে যোগ দিয়ে স্মিথ জানালেন, “এই ক্লাবের হয়ে খেলাটা স্বপ্নের মতো। ইউরোপের অন্যতম সফল ক্লাবে নিজের নাম তুলতে পারাটা গর্বের।” এর আগে তিনি পর্তুগালের স্পোর্টিং সিপিতে ২৮ ম্যাচে করেছিলেন ১৬ গোল। সেখানে নজর কাড়েন ইউরোপের স্কাউটদের।
অলিভিয়া স্মিথের এই দলবদল মহিলাদের পেশাদার ফুটবলে আর্থিক বিনিয়োগ ও গুরুত্বের দিক থেকেও এক মাইলফলক। এই রেকর্ড যেন দেখিয়ে দিল, মেয়েদের ফুটবল এখন শুধুই অতীতের ছায়া নয়, বরং ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় দিক।







